
জেলা প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী ও কুতুবদিয়ার ২১ হাজার ২০ জন প্রান্তিক কৃষক ও লবণচাষির ১০ কোটি ৯ লাখ টাকার কৃষিঋণ মওকুফ করেছে সরকার। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাতটি শাখার মাধ্যমে নেওয়া সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত এ ঋণ মওকুফের তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের ধারাবাহিক প্রচেষ্টা এবং সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের গত ১৫ মার্চ ও ৩১ মার্চের পৃথক দুটি স্মারকের অনুবলে ২০২৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত থাকা ঋণগ্রহীতাদের এ তালিকা চূড়ান্ত করা হয়।
মহেশখালীতে মওকুফ ৯ কোটি ৫ লাখ টাকা
নথিপত্র অনুযায়ী, মহেশখালী উপজেলার পাঁচটি কৃষি ব্যাংক শাখায় ১৮ হাজার ৮০৬ জন গ্রহীতার মোট ৯ কোটি ৫ লাখ টাকা ঋণ মওকুফ হয়েছে। শাখাভিত্তিক হিসাবে গোরকঘাটা শাখায় (শাপলাপুর, ছোট মহেশখালী, কুতুবজুম ও গোরকঘাটা ইউনিয়ন) ৪ হাজার ৯৫৫ জনের ২ কোটি ৬১ লাখ টাকা, বড় মহেশখালী শাখায় (বড় মহেশখালী ইউনিয়ন) ৯৯২ জনের ৫৮ লাখ টাকা, হোয়ানক শাখায় (হোয়ানক ইউনিয়ন) ২ হাজার ৫৮ জনের ৯৭ লাখ টাকা, কালারমার ছড়া শাখায় (কালারমার ছড়া ইউনিয়ন) ৫ হাজার ৯৯৭ জনের ২ কোটি ৭৪ লাখ টাকা এবং মাতারবাড়ী শাখায় (মাতারবাড়ী ও ধলঘাটা ইউনিয়ন) ৪ হাজার ৮০৪ জনের ২ কোটি ১৫ লাখ টাকা মওকুফের আওতায় এসেছে।
কুতুবদিয়ায় মওকুফ ১ কোটি ৪ লাখ টাকা ।
অন্যদিকে, কুতুবদিয়া উপজেলার দুটি শাখায় ২ হাজার ২১৪ জন গ্রহীতার মোট ১ কোটি ৪ লাখ টাকা ঋণ মওকুফ করা হয়েছে। এর মধ্যে বড় ঘোপ শাখায় (বড় ঘোপ ও পার্শ্ববর্তী ইউনিয়ন) ১ হাজার ৮৪৫ জনের ৮৭ লাখ টাকা এবং ধুরং বাজার শাখায় (ধুরং ও পার্শ্ববর্তী ইউনিয়ন) ৩৬৯ জনের ১৭ লাখ টাকা মওকুফ হয়েছে।
ঋণের চাপ ও মামলা থেকে মুক্তির আশা:- স্থানীয় সূত্র জানায়, নির্বাচনের আগে কালারমারছড়া বাজার মাঠসহ বিভিন্ন জনসভায় লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা ও কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতি দিয়েছিলেন সংসদ সদস্য আলমগীর ফরিদ। নির্বাচনের পর জাতীয় সংসদেও তিনি একাধিকবার কক্সবাজারের লবণচাষিদের দুর্দশার চিত্র তুলে ধরেন।
সংসদ সদস্য আলমগীর ফরিদ বলেন, তাঁর দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান চাষিদের দীর্ঘদিনের দুর্ভোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। এর ফলে মাঠপর্যায়ে প্রতি মণ অপরিশোধিত লবণের দাম ৪২৫ টাকা নির্ধারণের পাশাপাশি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হলো। চাষিদের ন্যায্য অধিকার রক্ষায় ভবিষ্যতেও কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ব্যাংক কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ঋণ মওকুফসংক্রান্ত পরিপত্র ইতিমধ্যে শাখাগুলোতে পৌঁছেছে। এর ফলে দীর্ঘদিন ধরে উৎপাদন খরচ বৃদ্ধি ও ন্যায্যমূল্য না পেয়ে ঋণের চাপে থাকা চাষিদের দুশ্চিন্তা দূর হওয়ার পাশাপাশি সার্টিফিকেট মামলাসংক্রান্ত জটিলতাও নিষ্পত্তির পথে এগোবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com