
পারভেজ হাসান, বেরোবি প্রতিবেদক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সাহসী যোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক শোকবার্তায় উপাচার্য বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী, দেশপ্রেমিক ও আপসহীন রাজনৈতিক কর্মী। আজীবন তিনি অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে নির্ভীক কণ্ঠস্বর হিসেবে সংগ্রাম করে গেছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি জুলাইয়ের যোদ্ধাদের ন্যায্য অধিকার আদায়, গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণ এবং জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর চিন্তা ও বক্তব্য সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করেছে।
উপাচার্য আরও বলেন, আদর্শ ও নীতির প্রশ্নে ওসমান হাদি কখনো আপস করেননি। আধিপত্যবাদী শক্তি ও সকল প্রকার অন্যায়-অনিয়মের বিরুদ্ধে তাঁর অবস্থান ছিল স্পষ্ট ও দৃঢ়। সন্ত্রাসী হামলায় তাঁর নির্মম মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়; এটি ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়ানো এক সাহসী কণ্ঠকে স্তব্ধ করার অপচেষ্টা।
শোক বিবৃতিতে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে উপাচার্য বলেন, জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি স্মৃতিচারণ করে উল্লেখ করেন, গত ফেব্রুয়ারিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠানে শরিফ ওসমান হাদির অংশগ্রহণ ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর চিন্তাশীল বক্তব্য শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সবার ওপর গভীর প্রভাব ফেলেছিল, যা বিশ্ববিদ্যালয় পরিবার আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
বেরোবি উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, শরিফ ওসমান হাদির আদর্শ, সাহস ও সংগ্রামী জীবন ভবিষ্যৎ প্রজন্মকে ন্যায়, সত্য ও গণতন্ত্রের পথে অবিচল থাকতে অনুপ্রাণিত করবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com