হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে মাছবাহী ট্রাক ডাকাতির সময় চালককে হত্যা ও অপর একজনকে আহত করার ঘটনায় দায়ের করা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া ট্রাক ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর গ্রামের মাঝপাড়া এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে মো. সৌরভ (২০), একই এলাকার মো. কিয়াম উদ্দিনের ছেলে আজাদুল ইসলাম (২৪) এবং চন্দ্রপুর ডুবারপাড়া এলাকার মৃত হরিশচন্দ্র কুমারের ছেলে সরজিৎ কুমার (২৭) পুলিশ জানায়, ঘটনার ৩১ দিন পর শুক্রবার সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় নাটোরের গুরুদাসপুর থানা পুলিশের সহযোগিতায় হোসেনপুর থানা পুলিশ ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খালিদ শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতি হওয়া একটি আইশার ট্রাক এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়। উল্লেখ্য, গত ৯ জুন ভোর সাড়ে ৬টার দিকে হোসেনপুর উপজেলার ডাহুরা গোলপুকুর পাড় এলাকায় তালিমুল উম্মাহ মাদ্রাসা ও এতিমখানার সামনে সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হয় তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বৈলর কোনাবাড়ি গ্রামের ইসমত মিয়ার ছেলে রনি মিয়া (২০)। এ সময় একই ঘটনায় আহত অবস্থায় আসিব মিয়া (২৮) নামের আরও একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ৯ জুন রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে হোসেনপুর-গফরগাঁও সেতুর পশ্চিম পাশে সেতু সংলগ্ন সড়কে পরপর দুটি মাছবাহী ট্রাকে ডাকাতি করে পালিয়ে যায় আসামিরা। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের শনিবার (১১ জুলাই) আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com