হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা-এ পুকুরের পানিতে ডুবে রাফসান মিয়া (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জিনারী ইউনিয়ন-এর হলিমা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাফসান স্থানীয় কাপড় ব্যবসায়ী মো. রাসেল মিয়ার ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেলের দিকে রাফসানকে হঠাৎ বাড়ির আশপাশে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। ঘটনার সত্যতা নিশ্চিত করে হোসেনপুর থানার ওসি (তদন্ত) লিমন বোস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


