হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ থেকে ধারাবাহিকভাবে সিলিং ফ্যান চুরির রহস্য উদ্ঘাটন করেছে হোসেনপুর থানা পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত একজন এবং চোরাই মাল কেনার অভিযোগে অপর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযানে চুরি হওয়া ১৭টি ফ্যানের মধ্যে ১৪টি উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত মে মাস থেকে ৯ জুলাই ২০২৬ পর্যন্ত বিভিন্ন সময়ে মসজিদ থেকে একে একে ১৭টি সিলিং ফ্যান উধাও হয়ে যায়। বিষয়টি নিয়ে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলে তদন্ত শুরু হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমিনুর রহমান আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করেন। পরে অভিযান চালিয়ে হোসেনপুর পৌরসভার পশ্চিম দীপেশ্বর এলাকার বাসিন্দা স্বপন মিয়ার ছেলে পারভেজ মোশারফকে হোসেনপুর বাজার এলাকা থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে পারভেজ চুরির বিষয়টি স্বীকার করে এবং জানায়, চুরি করা ফ্যানগুলো নতুন বাজারের একটি ইলেকট্রনিক্স দোকানে বিক্রি করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই দোকানে অভিযান চালিয়ে ১৪টি চোরাইকৃত সিলিং ফ্যান উদ্ধার করে। দোকান মালিক হলুদ মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাই মাল কেনার বিষয়টি স্বীকার করলে তাকেও গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় জড়িত অন্য কোনো ব্যক্তি রয়েছে কি না এবং উদ্ধার না হওয়া বাকি ফ্যানগুলোর সন্ধানে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com