হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
হোসেনপুর পৌর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কাপড়ের মূল্য স্বাভাবিক রাখতে হোসেনপুর পৌর প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ। অভিযানকালে অবৈধভাবে ফুটপাত দখল, অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার মতো অনিয়মের বিরুদ্ধে সতর্কবার্তা প্রদান করা হয়। ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি ও সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
এসময় পৌর প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ বলেন, জনস্বার্থে বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং পণ্যের মূল্য স্থিতিশীল রাখা প্রশাসনের অগ্রাধিকার। কোনোভাবেই অতিরিক্ত মূল্য আদায় বা অবৈধভাবে ফুটপাত দখল বরদাস্ত করা হবে না। সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এদিকে পৌর এলাকায় যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ চারটি পয়েন্ট থেকে শহরের অভ্যন্তরে অটোরিকশা চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC)–এর সদস্যরা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের সময়োপযোগী ও জনবান্ধব এসব পদক্ষেপ বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করবে।


