মোঃতানজিলুল ইসলাম লাইক, রাজশাহী,
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১১টায় রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
ভাষা ও সংস্কৃতির মেলবন্ধন নিয়ে কথা বলতে গিয়ে মনোজ কুমার বলেন, “বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতি ভারত ও বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে লালন, ধারণ ও পালন করে আসছে। দুই দেশের মধ্যকার এই সম্পর্ক অকৃত্রিম ভালোবাসার বন্ধন, যা আগামীতেও একইভাবে অব্যাহত থাকবে।”
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনকালে তাঁর সাথে দূতাবাসের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এর আগে দিবসটি উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং ভাষা শহীদদের স্মরণে নানা কর্মসূচি পালন করা হয়।


