হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম-এর সাথে হোসেনপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, কটিয়াদি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তফাজ্জল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল হোসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা,আফসিয়ার আহমেদ সাগর, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ মহসিন আলী, শাহেদল ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দিন, আড়াইবাড়িয়া ইউপি চেয়ারম্যান খুরশিদ মিয়া, সাংবাদিক জাকির হোসেন এবং হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের খায়রুল ইসলাম ফকিরসহ বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, “সকলের পরামর্শ ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি আধুনিক, উন্নত ও সেবাবান্ধব হোসেনপুর গড়ে তোলা সম্ভব। জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের একসাথে কাজ করতে হবে। তিনি আরও বলেন, “আমি একদম নতুন মানুষ। তাই সকলের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি। প্রশাসন যাতে নিরপেক্ষ ও স্বচ্ছ ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে আমি সর্বাত্মক সহযোগিতা করবো। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সভাপতির বক্তব্যে ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, উপজেলার সার্বিক উন্নয়নে সকল দপ্তরের সমন্বয় ও আন্তরিকতা অপরিহার্য। জনগণের কল্যাণে উপজেলা প্রশাসন সবসময় সচেষ্ট রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। মতবিনিময় সভাটি উপজেলার উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিতরা


