নিজস্ব প্রতিবেদক
যশোরের কেশবপুর উপজেলায় জেলি, ভোজ্য তেল ও ক্ষতিকর কেমিক্যাল দিয়ে কৃত্রিম দুধ তৈরির দায়ে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং র্যাব-৬
সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার ভেরচি ঘোষপাড়া এলাকায় পরিচালিত এই অভিযানে দুই ব্যক্তিকে মোট ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টা থেকে ২টা ৪০ মিনিট পর্যন্ত গৌরীঘোনা ইউনিয়নের ভেরচি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাতেনাতে ভেজাল দুধ তৈরির প্রমাণ পাওয়ায় অপু ঘোষকে ২ লাখ টাকা এবং গোবিন্দ ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয়রা জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর জেলি ও রাসায়নিক ব্যবহার করে কৃত্রিম দুধ তৈরি করে আসছিল। অভিযানকালে কারখানা থেকে বিপুল পরিমাণ জেলি ও রাসায়নিক সরঞ্জাম জব্দ করে জনসম্মুখেই ধ্বংস করা হয়।
যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের ভেজালবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানে র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


