এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯৫টি ছোট-বড় দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জুন) সকাল সোয়া ৬টার দিকে বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি করে।
ভূরুঙ্গামারী উপজেলায় নিজস্ব ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে খবর পেয়ে পার্শ্ববর্তী নাগেশ্বরী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে কাপড়, কসমেটিকস, ফলসহ বিভিন্ন পণ্যের ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। আকস্মিক এই দুর্ঘটনায় বহু ব্যবসায়ী তাদের সম্বল হারিয়ে চরম বিপাকে পড়েছেন।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।


