ঢাকাSunday , 7 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঝালকাঠির খয়রাবাদ নদীর ভাঙন প্রতিরোধ ও বেড়িবাঁধের দাবিতে দপদপিয়ায় মানববন্ধন

    admin
    June 7, 2026 6:55 pm
    Link Copied!

    মাহবুব হাসান বরিশাল

    ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান, দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

    ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে খয়রাবাদ নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং জরাজীর্ণ গ্রামীণ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় জনগণ। রবিবার (৭ জুন) সকালে নলছিটি উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত শতাধিক মানুষ অংশ নেন।

    ‘দপদপিয়া ইউনিয়ন খয়রাবাদ নদী ভাঙন প্রতিরোধ সংগ্রাম কমিটি’র ব্যানারে আয়োজিত কর্মসূচি শেষে সংগঠনের একটি প্রতিনিধি দল নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) রিজভী আহমেদ সবুজের কাছে স্মারকলিপি প্রদান করেন।

    মানববন্ধনে বক্তারা বলেন, খয়রাবাদ নদীর অব্যাহত ভাঙনের কারণে পূর্ব ভরনকাঠী ও উত্তর বীরনারায়ণ এলাকার মানুষ গত ২৫ থেকে ৩০ বছর ধরে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। নদীগর্ভে বিলীন হয়ে গেছে অসংখ্য বসতভিটা, কৃষিজমি এবং পূর্বপুরুষদের কবরস্থান। দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল থেকে আশ্বাস মিললেও সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

    বক্তারা অভিযোগ করেন, নদীভাঙনের পাশাপাশি এলাকার প্রধান সড়কগুলোও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে হাজারো মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি গৃহহীন হওয়ার ঝুঁকিতে পড়বে।

    কর্মসূচি থেকে এলাকাবাসী তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—

    পূর্ব ভরনকাঠী থেকে পশ্চিম বীরনারায়ণ পর্যন্ত খয়রাবাদ নদীর তীর রক্ষায় দ্রুত টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ।

    বুড়ির হাট থেকে পূর্ব ভরনকাঠী পর্যন্ত একমাত্র চলাচলের সড়ক জরুরি ভিত্তিতে সংস্কার।

    বীরনারায়ণ বাজার থেকে পশ্চিম বীরনারায়ণ পর্যন্ত নতুন সড়ক নির্মাণ।

    মানববন্ধনে বক্তারা শ্রমজীবী ও সাধারণ মানুষকে অধিকার আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

    দপদপিয়া ইউনিয়ন খয়রাবাদ নদী ভাঙন প্রতিরোধ সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. রুহুল আমিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসদ বরিশাল জেলা সমন্বয়ক ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. মনীষা চক্রবর্তী।

    এসময় বক্তব্য দেন সংগ্রাম কমিটির সদস্য সচিব মো. রমজান আকন হৃদয়, সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্যসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত কয়েকশ মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

    সমাবেশের সমাপনী বক্তব্যে সংগ্রাম কমিটির নেতারা বলেন, দীর্ঘদিনের এই জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বৃহত্তর আন্দোলন ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা খয়রাবাদ নদীভাঙন প্রতিরোধে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST