ঢাকাTuesday , 9 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পৌর শহরের মাঝেই ময়লার ভাগাড়, দুর্ভোগে বান্দরবানবাসী।

    admin
    June 9, 2026 1:26 pm
    Link Copied!

    জেলা প্রতিনিধি,বান্দরবান।

    বান্দরবান শহরের রোয়াংছড়ি সড়কের পাশে, সাংগু নদীর তীরে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে পৌরসভার অস্থায়ী ময়লা-আবর্জনার ভাগাড়। প্রতিদিন পৌরসভার ট্রাক ও ছোট ভ্যানে করে শহরের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা ময়লা-আবর্জনা এখানে এনে ফেলা হচ্ছে। ফলে সড়কের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকছে আবর্জনা, সৃষ্টি হচ্ছে তীব্র দুর্গন্ধ। শুধু পৌর বর্জ্যই নয়, বিভিন্ন হাসপাতালের বর্জ্যও এখানে ফেলা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
    সরেজমিনে দেখা যায়, শহরের রোয়াংছড়ি বাসস্টেশন থেকে কিছু দূরে পাহাড়ঘেরা লেমুরিবি আগা পাড়ার পাশেই অবস্থিত এই বর্জ্য ফেলার স্থান। একপাশে বসতিপূর্ণ পাড়া, অন্যপাশে সাংগু নদী। প্রতিদিন এখানে ময়লা ফেলার কারণে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। সড়কের ওপর ছড়িয়ে থাকা আবর্জনার ওপর দিয়েই চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, পথচারী এবং বিভিন্ন যানবাহনকে। এই পথ দিয়েই রোয়াংছড়ি উপজেলা ও কালাঘাটা এলাকার মানুষের নিয়মিত যাতায়াত।
    ময়লা ফেলার পর সেগুলোতে প্রায়ই আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে সারাদিন ধোঁয়া ছড়িয়ে পড়ে আশপাশে। দুর্গন্ধ ও ধোঁয়ার কারণে স্থানীয় বাসিন্দারা ঘরের বাইরে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। অনেকেই জানালেন, পচা-দুর্গন্ধে বাড়িতে অবস্থান করাও কষ্টকর হয়ে পড়েছে।
    স্থানীয় বাসিন্দা মংচ মারমা ক্ষোভ প্রকাশ করে বলেন, পাড়ার পাশেই পৌরসভার ময়লার স্তূপ। দুর্গন্ধ, ধোঁয়া ও পরিবেশ দূষণের কারণে তাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। দ্রুত এই সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
    এদিকে ফেলা হওয়া আবর্জনার একটি অংশ বৃষ্টির পানি ও ঢালের কারণে গড়িয়ে সাংগু নদীতে গিয়ে পড়ছে। এতে নদীর পানি দূষিত হওয়ার পাশাপাশি নদীনির্ভর মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। স্থানীয়দের আশঙ্কা, দীর্ঘদিন এভাবে বর্জ্য ফেলা চলতে থাকলে নদীর পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়বে।
    উল্লেখ্য, ১৯৮৪ সালে বান্দরবান সদর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। শুরুতে এটি তৃতীয় শ্রেণির পৌরসভা হলেও ২০০১ সালে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। তবে প্রতিষ্ঠার চার দশক পেরিয়ে গেলেও এখনো টেকসই ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। স্থানীয়দের মতে, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা এখনো অনেকটাই অনুন্নত অবস্থায় রয়েছে।
    স্থানীয় বাসিন্দারা দ্রুত একটি আধুনিক ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন, যাতে জনস্বাস্থ্য, পরিবেশ এবং সাংগু নদীকে দূষণের হাত থেকে রক্ষা করা যায়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST