মোসা বেবিয়ারা খাতুন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গৃহপরিচারিকা নয়নী খাতুন হত্যাকাণ্ডের ৭দিন পর থানায় দায়ের করা মামলায় ১ জনকে আটক করা হয়েছে । গ্রেপ্তারকৃত আসামি হলেন উপজেলার কানসাট ইউনিয়নের মোহনবাগ এলাকার সুমন আলীর ছেলে ও রইসউদ্দিনের নাতি । মামলার এজাহারে বলা হয়, নোমানের নানা রইসউদ্দিনের বাড়িতে নয়নী খাতুন গৃহপরিচারিকা হিসেবে কাজ করে আসছিলেন । এক পর্যায়ে তার ওপর কু-নজর পড়লে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে নোমান । ঘটনাটি নোমানের বাড়ির লোকজনসহ অন্যান্য আসামীরা জানতে পেরে তারা সকলে পাল্টা নয়নীর ওপর শারীরিক নির্যাতন চালায়। এক পর্যায়ে গত ১ জুন সোমবার বিকেলে তারা নয়নীকে হত্যা করে তাদের বাড়ির দোতলায় একটি সিলিং ফানের সাথে ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যার প্ররোচণা চালায় এবং ফাঁসি থেকে নামিয়ে রাখে । সেদিন রাত ১১টার দিকে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায় । ময়নাতদন্ত শেষে দূর্লভপুর শেরপুর ভান্ডার-বিজিপাড়া এলাকায় আত্মীয়ের বাড়ির পাশের কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। আসামিরা নয়নীকে হত্যা করে তা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে । শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, নয়নীর নিকটতম আত্মীয় উপজেলার দূর্লভপুর ইউনিয়নের শেরপুর ভান্ডার-বিজিপাড়া গ্রামের মোস্তাকের স্ত্রী আকলিমা বেগম বাদি হয়ে রইসউদ্দিন ও নোমানসহ আটজনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা আরো ৩-৪ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। রাতে রইসউদ্দিনের বাড়ি মোহনবাগ এলাকা থেকে নোমানকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চলমান রয়েছে।


