ঢাকাTuesday , 16 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গ্রামীণ অর্থনীতির শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে বরগুনা: অর্থনৈতিক শুমারির তথ্য প্রকাশ।।

    admin
    June 16, 2026 5:59 pm
    Link Copied!

    মোঃ শাহজালাল, বরগুনা।।

    বরগুনা জেলায় অর্থনৈতিক কর্মকাণ্ডের এক বিশাল অংশ জুড়েই রয়েছে গ্রামীণ অর্থনীতি। জেলার মোট অর্থনৈতিক ইউনিটের প্রায় ৭০ দশমিক ৮৯ শতাংশই এখন গ্রামীণ এলাকায় অবস্থিত। এছাড়া ক্ষুদ্র উদ্যোক্তা ও পারিবারিক ব্যবসার শক্তিশালী উপস্থিতির কারণে জেলায় অর্থনৈতিক পরিবারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৭৮৭টিতে।

    মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে এগারোটায় বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪: ফলাফল, পরিকল্পনা ও প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে এই তথ্য প্রকাশ করা হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই শুমারির আয়োজন করে।

    জেলা পরিসংখ্যান উপ-পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মোঃ নজরুল ইসলাম মোল্লা। এছাড়া জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীগণ এই সময় উপস্থিত ছিলেন।
    সেমিনারে জানানো হয়, অর্থনৈতিক শুমারি ২০২৪-এর আওতায় বরগুনা জেলার অর্থনৈতিক ইউনিটসমূহের হালনাগাদ তথ্য নিয়ে একটি ‘স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার’ তৈরি করা হয়েছে। এই তথ্যভান্ডার জেলার ব্যবসা-প্রতিষ্ঠান ও অর্থনৈতিক কার্যক্রমের প্রকৃত চিত্র তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ অর্থনৈতিক জরিপ ও পরিকল্পনার ক্ষেত্রে নির্ভরযোগ্য ভিত্তি হিসেবে কাজ করবে।

    শুমারির চূড়ান্ত ফলাফল অনুযায়ী, বরগুনা জেলায় মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৭৪ হাজার ৬৭০টি। এর মধ্যে গ্রামীণ এলাকায় রয়েছে ৫২ হাজার ৯৩৩টি এবং শহরাঞ্চলে রয়েছে ২১ হাজার ৭৩৭টি ইউনিট। অন্যদিকে ধরনভিত্তিক বিন্যাসে দেখা গেছে, জেলায় স্থায়ী অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৩৯ হাজার ২৪০টি এবং অস্থায়ী ইউনিটের সংখ্যা ১ হাজার ৬৪৩টি।

    সেমিনারে বক্তারা উল্লেখ করেন যে, বরগুনা মূলত কৃষি, মৎস্য, পর্যটন এবং ক্ষুদ্র উদ্যোক্তা নির্ভর অর্থনীতির জেলা। শুমারির তথ্য অনুযায়ী গ্রামীণ এলাকায় অর্থনৈতিক ইউনিটের এই আধিক্য জেলার সামগ্রিক উন্নয়নের এক বিশাল সম্ভাবনা নির্দেশ করে।
    সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস জানান, এই শুমারির মাধ্যমে প্রাপ্ত তথ্য বরগুনার অর্থনৈতিক বাস্তবতা ও সম্ভাবনার একটি স্পষ্ট চিত্র তুলে ধরেছে। গ্রামীণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়ন, প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণপ্রাপ্তি এবং অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি করা গেলে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। এই তথ্যভিত্তিক ডেটা ব্যবহার করে পরিকল্পিত উদ্যোগ ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে বরগুনার অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    মোঃ শাহজালাল
    বরগুনা।।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST