রতন রায় : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।
১৮-৬-২০২৬ ইং
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। এতে কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ব্যাহত হয়েছে এবং দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জানা যায়, চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রেললাইনের ওপর উল্টে পড়ে। এতে পুরো রেলপথ অবরুদ্ধ হয়ে যায় এবং নির্ধারিত সময় অনুযায়ী কুড়িগ্রাম এক্সপ্রেস স্টেশনে পৌঁছাতে পারেনি।
রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাগামী অনেক যাত্রী বিকল্প উপায়ে তিস্তা রেলওয়ে স্টেশনে যাওয়ার চেষ্টা করেন। কেউ বাসে, কেউ আবার অটোরিকশায় করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। এতে অতিরিক্ত ভাড়া গুনতে হওয়ায় যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দেয়।
রেলওয়ে সূত্র জানায়, কুড়িগ্রাম স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে কুড়িগ্রাম এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও দুর্ঘটনার কারণে ট্রেনটির স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। দ্রুত রেললাইন থেকে ট্রাকটি সরিয়ে যোগাযোগ স্বাভাবিক করতে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে।
কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কনিকা জানান, বালুভর্তি একটি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ায় লাইনটি ব্লক হয়ে গেছে। ট্রাক অপসারণের কাজ চলছে। তবে কখন ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।


