সিরাজুল ইসলাম জেলা প্রতিনিধি বান্দরবান /
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মো. জাকারিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে নাইক্ষ্যংছড়ি উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চাকপাড়া ইটভাটার সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বান্দরবান জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে একটি ড্রাম ট্রাকের খালি চাকার ভেতর থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মো. জাকারিয়াকে আটক করে পুলিশ।
উদ্ধার করা ইয়াবাগুলো জব্দতালিকামূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকদ্রব্যের অবৈধ পাচার ও বিস্তার রোধে বান্দরবান জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে পুলিশ।



