মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা জেলা প্রতিনিধি :
যুবসমাজকে দক্ষ, সচেতন ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলা, সামাজিক সম্প্রীতি জোরদার করা এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ‘আস্থা’ প্রকল্প পুনরায় চালুর দাবিতে বরগুনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত ৮টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন চিত্তরঞ্জন শীল এবং সঞ্চালনা করেন জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মনির হোসেন কামাল।
এ সময় উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ, সাবেক সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গৌরাঙ্গ সিকদার শিবু, উপজেলা ইমাম সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. ফজলুল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সমীরন চন্দ্র রায়, দৈনিক ইনকিলাবের বরগুনা জেলা সংবাদদাতা জাহাঙ্গীর কবীর মৃধাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আস্থা প্রকল্প শুধু একটি উন্নয়ন প্রকল্প ছিল না; এটি যুবসমাজকে নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবী কার্যক্রম, সামাজিক সম্প্রীতি, মানবাধিকার, পরিবেশ সংরক্ষণ এবং গণতান্ত্রিক চর্চায় সম্পৃক্ত করার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। প্রকল্পটির আনুষ্ঠানিক মেয়াদ শেষ হলেও এর ইতিবাচক প্রভাব এখনো বরগুনাসহ দেশের বিভিন্ন এলাকায় দৃশ্যমান।
তারা আরও বলেন, প্রকল্পের মাধ্যমে যে ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়েছে, তা টেকসই করতে এবং নতুন প্রজন্মকে গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে আস্থা প্রকল্প পুনরায় চালু করা জরুরি।
সভায় বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত আস্থা প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তাদের মতে, একটি শান্তিপূর্ণ, সহনশীল ও মানবিক বাংলাদেশ গড়তে আস্থা প্রকল্পের মতো উদ্যোগের ধারাবাহিকতা নিশ্চিত করা সময়ের অপরিহার্য দাবি।


