এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজার সদর উপজেলার পি এম খালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জুমছড়ি এলাকায় একটি তালাবদ্ধ ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৫৫ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করেছে কোস্ট গার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা।
আজ সোমবার বিকেল ৩টার দিকে জুমছড়ি সংলগ্ন এলাকায় এই যৌথ অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় ফ্ল্যাটটিতে কাউকে না পাওয়ায় কোনো মাদককারবারিকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড সূত্র জানায়, জুমছড়ি এলাকার একটি ফ্ল্যাটে বিপুল পরিমাণ ইয়াবা মজুত রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। দলটি ওই ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে তল্লাশি শুরু করে। একপর্যায়ে পরিত্যক্ত অবস্থায় ৫৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭৫ লাখ টাকা। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, দেশে মাদকের ভয়াবহ বিস্তার ও চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের গোয়েন্দা তৎপরতা এবং এমন মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


