মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাব-৫ এর অভিযানে মাদকসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (৯ মার্চ) রাতে শিবগঞ্জ পৌরসভার জালমাছমারী শহরাতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫ এর একটি আভিযানিক দল শিবগঞ্জ এলাকায় টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল।
সন্ধ্যা প্রায় ৭টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শিবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জালমাছমারী শহরাতলা এলাকায় একটি আমবাগানের ভেতর মাদক কেনাবেচা হচ্ছে। পরে র্যাবের দলটি সেখানে অভিযান চালায়।
অভিযানকালে রাত প্রায় ৮টা ৩০ মিনিটে নজরুল ইসলাম নামে এক ব্যক্তির মালিকানাধীন আমবাগান থেকে ৩০ বোতল কাফ রিলিফ (Kuf Relief) মাদকসহ তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন— শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী কলোনী এলাকার মোঃ এনতাজ আলীর ছেলে হেলিম (২৬), হাদু মিয়ার ছেলে ফয়সাল (২০), মোঃ শরিফুল ইসলামের ছেলে মো. দেলোয়ার তাদের সবার বাড়ি একই এলাকায়। র্যাব জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকসহ তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


