এম কে হাসান জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজারের রামু উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছেলের ছোঁড়া গুলিতে মো. আয়াজ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার (৭ জুন) সকাল ৯টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ জুন) রাত ১০টার দিকে রামুর খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তেলকুলা এলাকায় জমিজমা নিয়ে পিতা মো. আয়াজের সঙ্গে তার ছেলে জোবাইর উদ্দিনের তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জোবাইর তার বাবাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে মো. আয়াজ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে ঘাতক ছেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলি শব্দ শুনে স্থানীয় ও পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে স্থানান্তর (রেফার) করেন। পরবর্তীতে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রেখে দুদিন চিকিৎসার পর আজ রোববার সকালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এদিকে চাঞ্চল্যকর এই ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে জোবাইর উদ্দিন এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছে। এই ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। ঘটনার পর থেকেই ঘাতক ছেলেকে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান চলছে। অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।
এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে রামু থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।


