আনিসুর রহমান মানিক, পঞ্চগড় জেলা প্রতিনিধি।
পঞ্চগড়, ১৯ জুলাই: আগামী জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভিন।
প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক চেতনা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং আত্মত্যাগের এক অনন্য ইতিহাস, দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং এর চেতনাকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে সব কর্মসূচি সুষ্ঠু, শৃঙ্খলাবদ্ধ ও মর্যাদাপূর্ণ পরিবেশে বাস্তবায়ন করতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শুকরিয়া পারভিন বলেন, সরকারের নির্দেশনা ও জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পঞ্চগড়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভায় দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়, পাশাপাশি বিভিন্ন দপ্তরের দায়িত্ব ও করণীয় নির্ধারণ করা হয়।
এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক গণমাধ্যম কর্মী সংগঠনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

