রাব্বী রহমান, নীলফামারী প্রতিনিধি:
“আমার গ্রাম, আমার শক্তি—সমৃদ্ধ গ্রাম, সমৃদ্ধ দেশ” প্রতিপাদ্য এবং “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নীলফামারীর যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সম্মাননা প্রদান, গাছের চারা বিতরণ এবং সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোঃ নায়িরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের টেকসই উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে গ্রাম। আধুনিক কৃষি, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তোলা এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। তিনি সরকারের বিভিন্ন পল্লী উন্নয়ন কার্যক্রমের সুফল তৃণমূলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, পল্লী উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের জীবনমানের উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক উন্নয়নের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল গ্রাম গড়ে তোলাই এর মূল লক্ষ্য।
আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পল্লী উন্নয়ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন এনজিওর কর্মকর্তা, নারী উদ্যোক্তা, কৃষক প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, গ্রামীণ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। পাশাপাশি নতুন প্রজন্মকে কৃষি, উদ্যোক্তা উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর পল্লী উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে গ্রামীণ উন্নয়নে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। পরে সম্মাননা প্রদান, গাছের চারা বিতরণ এবং বিআরডিবির সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণের মাধ্যমে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের কর্মসূচির সমাপ্তি ঘটে।


