আনিসুর রহমান মানিক, পঞ্চগড় প্রতিনিধি:
“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ–২০২৬’-এর জেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পঞ্চগড় পুলিশ লাইন্স মাঠে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলা উপভোগ এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোঃ আবু সাইম।
অনূর্ধ্ব-২০ বছর বয়সী খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় পঞ্চগড় জেলার ছয়টি পুরুষ দল অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় পঞ্চগড় জেলা কাবাডি দল চ্যাম্পিয়ন এবং তেঁতুলিয়া থানার কাবাডি দল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে মেডেল ও ট্রফি তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার মেধাবী, উদ্যমী ও সম্ভাবনাময় অনূর্ধ্ব-২০ খেলোয়াড়দের বাছাই করে দল গঠন করা হয়। নির্বাচিত খেলোয়াড়দের যথাযথভাবে নিবন্ধনের পাশাপাশি প্রতিটি ম্যাচ শেষে নির্ধারিত মূল্যায়ন ফরমের মাধ্যমে তাদের পারফরম্যান্সও মূল্যায়ন করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শইমী ইমতিয়াজ, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) বিমল বর্মন, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) মোঃ মনজুরুল আলম, পঞ্চগড় জেলার ক্রীড়া অফিসার, আরআই, পুলিশ লাইন্স পঞ্চগড়সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।


