আনিসুর রহমান মানিক , পঞ্চগড়
পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা বাড়াতে পঞ্চগড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রায় এক হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) ‘নগর রূপান্তর ফাউন্ডেশন, পঞ্চগড়’-এর উদ্যোগে পঞ্চগড় পৌরসভাধীন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর রূপান্তর ফাউন্ডেশন, পঞ্চগড়ের চেয়ারম্যান মো. হায়াতুন আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মুরাদ হোসেন, আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, সদস্য সচিব সাদিকুর রহমানসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা,১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা শামিমা আরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাদের বৃক্ষরোপণ ও পরিচর্যায় উৎসাহিত করা হয়।
আয়োজকরা জানান, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে না, মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং পরিবেশ রক্ষায় দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
নগর রূপান্তর ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. হায়াতুন আলম জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি ও বৃক্ষরোপণ কার্যক্রমকে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চলমান থাকবে।


