মোঃ রাকিব হাসান, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়
পঞ্চগড় সদর উপজেলার ১নং অমরখানা ইউনিয়নের জগদল পূর্ব বানিয়াপাড়া এলাকায় বজ্রপাতে মোঃ শাহাদাত আলী (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা প্রায় ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত আলী ওই এলাকার মোহাম্মদ কেরামত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিজ এলাকার কৃষিজমিতে কাজ করছিলেন শাহাদাত আলী। এ সময় হঠাৎ আকাশে মেঘের গর্জন ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ১নং অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু জানান, কৃষিকাজের সময় বজ্রপাতে শাহাদাত আলীর মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
যুবকের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সাম্প্রতিক সময়ে দেশে বজ্রপাতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় আবহাওয়া অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খোলা মাঠে কাজ করার সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে বজ্রসহ বৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।


