ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় একটি মাছের ফিসারিতে বিষ প্রয়োগ করে প্রায় দুই লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মাছচাষি।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কৈয়ারচালা গ্রামের বাসিন্দা মোঃ শাহ আলম (৩৫) দীর্ঘদিন ধরে মাছের ফিসারির ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন। একই এলাকার প্রতিবেশী মোঃ আমিরুন ইসলাম (৩০) ও মোঃ হোসেন (২৭)সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের সঙ্গে তার পূর্ব থেকে বিরোধ চলে আসছিল।
ভুক্তভোগীর দাবি, পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা তার ফিসারির ক্ষতি করার হুমকি দিয়ে আসছিল।
এরই ধারাবাহিকতায় গত ২৩ মার্চ ২০২৬ সন্ধ্যায় তার ছেলে মোঃ তামিম পুকুরে মাছের খাবার দিয়ে আসে। পরে রাত আনুমানিক ১০টার দিকে শাহ আলম ফিসারি পরিদর্শনে গিয়ে দেখতে পান কয়েকজন ব্যক্তি পুকুরের পাড়ে অবস্থান করছে এবং তাদের মধ্যে একজন পানিতে কিছু ছিটাচ্ছে। টর্চলাইটের আলোতে তিনি অভিযুক্তদের মধ্যে দু’জনকে শনাক্ত করতে সক্ষম হন।
পরদিন ২৪ মার্চ সকালে স্থানীয় বাসিন্দা আলী আকন্দ পুকুরে গিয়ে দেখতে পান পানির উপর অসংখ্য মৃত মাছ ভাসছে। খবর পেয়ে শাহ আলম ঘটনাস্থলে গিয়ে দেখেন, তার ফিসারির একটি পুকুরে থাকা প্রায় ৩০ মণ পাঙ্গাস মাছসহ অন্যান্য জলজ প্রাণী মৃত অবস্থায় ভাসছে। এতে তার আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
ভুক্তভোগী শাহ আলম বলেন,
“আমার প্রায় দুই লাখ টাকার মাছ এক রাতে শেষ হয়ে গেছে। পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে আমাকে সর্বশান্ত করার চেষ্টা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই এবং আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই।”
ঘটনার প্রত্যক্ষদর্শী সফর আলী আকন্দ বলেন,
“সকালে জমি দেখতে গিয়ে দেখি পুকুরের সব মাছ মরে পানিতে ভাসছে। এমন ঘটনা এলাকায় আগে কখনো ঘটেনি, এটা খুবই দুঃখজনক।”
এ বিষয়ে ফুলবাড়ীয়া থানার এসআই মোঃ আমিরুল ইসলাম “অভিযোগর বিষয়টি তদন্ত করেছে বলে জানা গেছে।


