নোমাইনুল ইসলাম,
বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান সিঙ্গিনালা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত এই প্রতিষ্ঠানে আজ রবিবার (১৯ এপ্রিল) মাদ্রাসা মিলনায়তনে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সৈয়দ মোঃ আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব মোঃ সেলিম উদ্দীন বাহারী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পরীক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ কর্ণধার। নৈতিকতা ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমাদের দেশ ও দশের কল্যাণে কাজ করতে হবে। সুন্নিয়াতের আদর্শ বুকে ধারণ করে সততার সাথে পথ চললে তোমরা জীবনে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।”
সহকারী শিক্ষক মাহমুদুল হাসানের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সহকারী মৌলভী শাহেদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি এবং পরীক্ষার হলে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
বিদায় বেলায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় যখন পরীক্ষার্থীদের পক্ষ থেকে জেসিয়া আক্তার এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে জান্নাতুল মাওয়া তাদের শিক্ষা জীবনের স্মৃতি চারণ করে বিদায়ী বক্তব্য প্রদান করেন। এসময় উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এক বিষাদময় আবহ ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানের শেষে পরীক্ষার্থীদের সার্বিক সাফল্য, সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয়। পরিশেষে আখেরি মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


