এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুরে সরকারি বনভূমি উদ্ধারে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন বন বিভাগের কর্মীরা। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে শাপলাপুরের জেএমঘাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় এ হামলার ঘটনা ঘটে। এতে বন বিভাগের বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও বন বিভাগ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকালে মহেশখালী রেঞ্জের শাপলাপুরের জেএমঘাট এলাকায় সরকারি বনভূমি দখলমুক্ত করতে উচ্ছেদ কার্যক্রম শুরু করে বন বিভাগ। অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদের এক পর্যায়ে দখলদার চক্রটি বাধা দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি ঘোলাটে করতে তারা স্থানীয় মসজিদে মাইকিং করে সাধারণ মানুষকে উসকে দেয়। মাইকিং শুনে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল লোক অতর্কিতে বনকর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
হামলার ঘটনায় গুরুতর আহত বনকর্মীদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে মহেশখালী রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, সরকারি দায়িত্ব পালনকালে আমাদের কর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
উপকূলীয় বন বিভাগ, কক্সবাজারের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আবুল কালাম আজাদ বলেন, সরকারি কাজে বাধা এবং বনকর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমরা অপরাধীদের শনাক্ত করতে পুলিশ ও বন বিভাগের সমন্বয়ে কাজ করছি। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
বর্তমানে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং পরিবেশ শান্ত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


