নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের নরেন্দ্রপুর এলাকার খন্দকার পাড়ায় একটি অবৈধ ভেজাল দস্তা সার কারখানায় অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে
গোপন সংবাদের ভিত্তিতে নরেন্দ্রপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামে খন্দকার ইকরামুজ্জামানের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক ইকরামুজ্জামান পালিয়ে যান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ইকরামুজ্জামান পালিয়ে গেলেও তার বাড়ি থেকে ভেজাল দস্তা সার তৈরির বিভিন্ন সরঞ্জাম ও কাঁচামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি ডাইজেস্টার মেশিন, একটি মোটর, একটি সিলিং মেশিন, একটি বেলচা, গ্রোয়িং লেখা খালি প্যাকেট এক বস্তা, ক্যালসিয়াম কার্বনেট (চুন) চার বস্তা, খোলা কাঁচামাল আনুমানিক ১০০ কেজি এবং সিমেন্ট তিন বস্তা।
উদ্ধারকৃত সামগ্রী উপজেলা কৃষি অফিসারের জিম্মায় প্রদান করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য উপজেলা কৃষি অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে।


