ঢাকাWednesday , 11 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত না নবায়নের নির্দেশনা-স্ববিরোধী আদেশে বিভ্রান্তি, জড়িত কে কর্মচারী নাকি রাঘববোয়াল

    admin
    March 11, 2026 6:38 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

    পর্যটন নগরী কক্সবাজার এ ব্যাটারি চালিত টমটম (ইজি বাইক) লাইসেন্স নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কক্সবাজার পৌরসভার ভিন্ন সময়ে জারি করা দুটি পৃথক অফিস আদেশে ভিন্ন ধর্মী নির্দেশনা সামনে আসায় চালক-মালিকদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি দেখা দিয়েছে। একদিকে অতিরিক্ত লাইসেন্স বাতিলের আলোচনা, অন্যদিকে আবার চার হাজার পর্যন্ত লাইসেন্স নবায়নের নির্দেশনা—এ দুই অবস্থানের কারণে বিষয়টি এখন শহরের আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে।

    কী বলা আছে পৌরসভার সর্বশেষ আদেশ এ:- পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত সাম্প্রতিক অফিস আদেশে জানানো হয়েছে, পৌরসভার আওতাধীন টমটম/ইজি বাইক মালিকদের ২০২৫–২৬ এবং ২০২৬–২৭ অর্থ বছরের জন্য লাইসেন্স নবায়ন করতে হবে।

    লাইসেন্স নম্বর অনুযায়ী তিন ধাপে নবায়নের সময়সূচি নির্ধারণ করা হয়েছে,
    ১ম ধাপ এ ০১–২০০০ নং লাইসেন্স পর্যন্ত ০৯ মার্চ – ১৬ মার্চ ২০২৬ তারিখের মধ্যে, ২য় ধাপ এ ২০০১–৩০০০ নং লাইসেন্স পর্যন্ত ২৯ মার্চ – ০২ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে এবং সর্বশেষ ৩য় ধাপ এ ৩০০১–৪০০০ নং লাইসেন্স পর্যন্ত ০৫ এপ্রিল – ০৯ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে নবায়ন করার আদেশ জারি করেছেন।

    পৌরসভা সূত্রে জানা যায়, দুই অর্থ বছরের লাইসেন্স ফি ও ভ্যাট সহ প্রতিটি লাইসেন্সের জন্য ১৩ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন না করলে তা বাতিল বলে গণ্য করা হবে।

    কোথা থেকে শুরু বিতর্ক:- তবে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি অফিস আদেশে শহরে অতিরিক্ত প্রায় এক হাজার টমটম লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়ার কথা উল্লেখ করা হয়। এই দুই আদেশের মধ্যে সমন্বয় না থাকায় চালক ও মালিকদের মধ্যে প্রশ্ন উঠেছে— যদি অতিরিক্ত লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে আবার চার হাজার পর্যন্ত লাইসেন্স নবায়নের নির্দেশনা কেন ? এ প্রশ্ন এখন সকল মহলে ঘুরপাক খাচ্ছে। এই ১০০০ লাইসেন্স এর অনিয়ম ও দুর্নীতি সূত্র ধরে বিগত বছর কক্সবাজার পৌরসভার সাবেক প্রশাসক রুবাইদা আফরোজ সহ বেশ কয়েকজন কর্মকর্তা/কর্মচারী কে শাস্তি মূলক বদলী করা হয়।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা:- বিষয়টি প্রকাশ্যে আসার পর ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। টমটম চালক ও মালিকদের বিভিন্ন অনলাইন গ্রুপে লাইসেন্স বাতিল, নবায়ন ফি এবং পৌরসভার সিদ্ধান্ত নিয়ে নানা মতামত প্রকাশ করা হচ্ছে।

    অনেকেই বলছেন, শহরের যানজট নিয়ন্ত্রণে টমটমের সংখ্যা সীমিত করা প্রয়োজন। আবার অন্য একটি পক্ষ মনে করছে, হঠাৎ করে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাজারো চালকের জীবিকা সংকটে ফেলতে পারে।

    আলোচনায় বিভিন্ন সংগঠনের নাম:- স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি ঘিরে টমটম শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের কয়েকজন নেতার নামও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে। যদিও এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিক ভাবে কেউ বক্তব্য দেননি।

    তবে বিভিন্ন পক্ষের পাল্টা পাল্টি মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

    অর্থনৈতিক দিকও গুরুত্বপূর্ণ:- পৌরসভা সূত্রে জানা যায়, শহরে বর্তমানে কয়েক হাজার টমটম চলাচল করছে। প্রতিটি লাইসেন্সের জন্য প্রায় ১৩ হাজার ৮০০ টাকা করে ফি নির্ধারণ করা হলে নবায়ন প্রক্রিয়ায় পৌরসভার রাজস্ব আয় উল্লেখ যোগ্য পরিমাণে বাড়তে পারে।

    অন্য দিকে চালক ও মালিকদের মতে, লাইসেন্স ফি, ব্যাটারি খরচ ও রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়ার কারণে তাদের ওপর অর্থনৈতিক চাপও বাড়ছে।

    পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা:- স্ববিরোধী নির্দেশনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিতর্কের কারণে টমটম চালক-মালিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। স্থানীয় সচেতন মহলের মতে, দ্রুত স্পষ্ট ব্যাখ্যা না এলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

    তাদের মতে, শহরের সড়ক শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় বিষয়টি নিয়ে দ্রুত একটি পরিষ্কার ও সমন্বিত সিদ্ধান্ত জানানো জরুরি। অন্যথায় বিভ্রান্তি থেকে অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST