জেলা প্রতিনিধি,বান্দরবান ঃ
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্বচাম্বী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, আমতলী, ধূইল্যা ও গরুরলোডা—এই তিনটি গ্রামজুড়ে অন্তত ১২টি পয়েন্টে ৩০টির বেশি ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করা হচ্ছে। এতে এলাকার খাল, ছড়া, কৃষিজমি ও প্রাকৃতিক পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
শুক্রবার সরেজমিনে পূর্বচাম্বীর আমতলী এলাকায় ডলুখাল ও গরুরলোডা খালের মোহনায় গিয়ে দেখা যায়, একটি স্থানে বিপুল পরিমাণ বালু স্তূপ করে রাখা হয়েছে। স্থানীয়দের ধারণা, সেখানে প্রায় লক্ষাধিক ঘনফুট বালু উত্তোলন করে মজুত করা হয়েছে। এসব বালু পরিবহনে দিন-রাত ১৫ থেকে ২০টি ট্রাক ও ডাম্পার চলাচল করছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
ঘটনাস্থলে লট নম্বর ১০২ লেখা একটি ডাম্পারে বালু বোঝাই করতে দেখা যায়। এ সময় বালু উত্তোলন ও পরিবহনের কাজে নিয়োজিত কয়েকজন শ্রমিককেও কাজ করতে দেখা গেছে। স্থানীয় সূত্রের দাবি, সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার বাসিন্দা।
একজন গণমাধ্যমকর্মী হিসেবে ঘটনাস্থলে তথ্য ও ছবি সংগ্রহের সময় বালু উত্তোলন কার্যক্রম চলমান থাকতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে বালু উত্তোলন ও পরিবহন চললেও তা বন্ধে কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও আইন প্রয়োগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এলাকাবাসীর ভাষ্য, ডলুখাল, ধূইল্যাখাল ও গরুরলোডা ছড়ার বিভিন্ন অংশে আগের তুলনায় বালুর পরিমাণ কমে এসেছে। এ কারণে উত্তোলনকারীরা এখন আরও উজানের দিকে নতুন নতুন পয়েন্ট তৈরি করছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা সম্ভাব্য নতুন উত্তোলনস্থল হিসেবে গজালিয়া ইউনিয়নের ঢেঁকিছড়া, বাইশপাড়ি ও চিন্তাবরপাড়া এবং আজিজনগর ইউনিয়নের গরুরলোডার ওপরের অংশ ও বাছুরীপাড়া এলাকার কথা উল্লেখ করেছেন।
পরিবেশসংশ্লিষ্টদের মতে, অপরিকল্পিত ও নির্বিচারে বালু উত্তোলনের ফলে খাল-ছড়ার স্বাভাবিক প্রবাহ পরিবর্তন, নদীভাঙন, কৃষিজমির ক্ষতি এবং জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। বিশেষ করে পাহাড়ি এলাকায় প্রাকৃতিক পানিপ্রবাহের ভারসাম্য নষ্ট হলে বর্ষা মৌসুমে ভাঙন ও জলাবদ্ধতার ঝুঁকিও বাড়তে পারে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, একাধিক পয়েন্টে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন চলছে। এতগুলো পয়েন্টে একযোগে কার্যক্রম পরিচালিত হওয়ার অভিযোগের পরও সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নজরদারি কতটা কার্যকর—তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে বান্দরবানের জেলা প্রশাসক, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তাৎক্ষণিক বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
এলাকাবাসীর দাবি, পূর্বচাম্বীর ১২টি কথিত বালু উত্তোলন পয়েন্ট সরেজমিনে পরিদর্শন করে প্রকৃত অবস্থা যাচাই, উত্তোলনের বৈধতা পরীক্ষা এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
প্রশাসনের কাছে জনমনের প্রশ্ন—পূর্বচাম্বীর ১২টি পয়েন্টে ৩০টির বেশি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগের সত্যতা যাচাইয়ে কার্যকর অভিযান কবে পরিচালিত হবে? প্রাকৃতিক সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও আইন প্রয়োগ আরও জোরদার হবে কি?
প্রাকৃতিক সম্পদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক সম্পদ নয়। পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।



