মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, ( চট্টগ্রাম) প্রতিনিধি :
সামাজিক যোগাযোগমাধ্যমে হেফাজতে ইসলাম-এর আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নিয়ে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের কুরুচিপূর্ণ প্রচারণার তীব্র নিন্দা জানিয়ে সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহসচিব আল্লামা সাজেদুর রহমান।
বিবৃতিতে তিনি বলেন, আমরা সবসময় গঠনমূলক সমালোচনা ও ভিন্নমতকে স্বাগত জানাই। কিন্তু মানহানিকর ও উসকানিমূলক প্রচারণা কখনো সমর্থনযোগ্য নয়। সম্প্রতি আমরা লক্ষ করছি, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন সামাজিক যোগাযোগমাধ্যমে হেফাজতে ইসলাম-এর শ্রদ্ধাভাজন আমীর, দেশের আলেমসমাজ অভিভাবক আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নিয়ে কুরুচিপূর্ণ প্রচারণা চালাচ্ছেন, যা জনপরিসরে বিভক্তি ও বিরোধ উসকে দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, আমরা সচেতন ধর্মপ্রাণ মানুষকে ইলিয়াস হোসাইনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। অন্যদিকে, ইলিয়াস হোসাইনের প্রতি আমাদের আহ্বান, আমাদের কোনো ব্যাপারে আপনার ভিন্নমত থাকলে আপনি তা সভ্য ও রুচিসম্মত ভাষায় উপস্থাপন করুন। সামাজিক ও জাতীয় ঐক্য গঠনের স্বার্থে আপনি কটূক্তি ও অশালীন ভাষা প্রয়োগ থেকে বিরত থাকবেন বলে আমরা আশা করছি।

