মোঃ মাসুম বিল্লাহ্, বরগুনা জেলা প্রতিনিধি//
বরগুনার আমতলীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকিরের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে তা জনসভায় পরিণত হয়।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বকুলনেছা মহিলা কলেজ রোড থেকে শুরু হওয়া মিছিলটি আমতলী পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মোটরচালকদল ও মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিলে অংশ নেওয়া নেতৃবৃন্দরা বলেন, “আমতলীতে জালাল উদ্দিন ফকির মানেই বিএনপি, আর বিএনপি মানেই জালাল উদ্দিন ফকির। স্বৈরাচার শেখ হাসিনার আমলে তিনি বিএনপিকে টিকিয়ে রেখেছেন। তাকে ষড়যন্ত্রমূলকভাবে বহিষ্কার করা হয়েছে, আমরা তার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানাই।”
সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির। তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হলে বিএনপির জন্ম হতো না। প্রশাসনের প্রতি আহ্বান— এখনো আওয়ামী লীগের সন্ত্রাসীদের এলাকায় দেখা যায়, তাদের গ্রেফতার করতে হবে।”
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


