আনিসুর রহমান মানিক ঃ পঞ্চগড়
পঞ্চগড়ে তাবলিগ জামাতের সাদপন্থীদের ইজতেমা আয়োজন বন্ধের দাবি জানিয়েছে ঈমান আকিদা রক্ষা কমিটি ও হেফাজতে ইসলাম জেলা কমিটি। এ দাবিতে সংবাদ সম্মেলন করে সংগঠন দুটি। সোমবার সকালে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঈমান আকিদা রক্ষা কমিটির সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মো. আব্দুল্লাহ, খেলাফত মজলিসের সভাপতি ও কমিটির প্রচার সম্পাদক হাফেজ মীর মোর্শেদ তুহিন, সহসভাপতি সাইফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু শাহীন এবং সদস্য আব্দুল বারী।
বক্তারা বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরোধিতা করা তাঁদের উদ্দেশ্য নয়। বরং ইসলামের মৌলিক বিশ্বাস ও আকিদা সংরক্ষণে তাঁরা কাজ করছেন। তাঁদের অভিযোগ, তাবলিগের নামে বিভ্রান্তিকর বক্তব্য ও মতাদর্শ প্রচার করা হলে এ বিষয়ে প্রতিবাদ জানানো ধর্মীয় দায়িত্বের অংশ।
সংবাদ সম্মেলনে বক্তারা সাদপন্থীদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে দাবি করেন, তাঁদের কিছু বক্তব্য ইসলামের মৌলিক বিশ্বাসের পরিপন্থী। কোরআন শিক্ষা দিয়ে পারিশ্রমিক গ্রহণের বিষয়েও আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। এ ছাড়া ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীর ইজতেমা মাঠে সংঘটিত হামলার প্রসঙ্গ তুলে ধরে বক্তারা বলেন, ওই ঘটনায় বহু আলেম ও মুসল্লি হতাহত হন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে।
বক্তারা আরও বলেন, সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় বিশ্বাস সুরক্ষার স্বার্থে পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা আয়োজন বন্ধ করা প্রয়োজন। এ বিষয়ে প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা। তাঁদের দাবি উপেক্ষা করে ইজতেমা অনুষ্ঠিত হলে কিংবা এ ঘটনাকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে তার দায় প্রশাসনকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
ধর্মীয় বিরোধের জেরে যাতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে জন্য ইজতেমা আয়োজনের আগেই প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছেন সংবাদ সম্মেলনে অংশ নেওয়া নেতারা।
এ সময় ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম ও ঈমান আকিদা রক্ষা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



