জামালপুর প্রতিনিধি//
জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জাতীয় দৈনিক বর্তমান বাংলা পত্রিকার জামালপুর প্রতিনিধি মোঃ মাকসুদুর রহমান শাকিল। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার দুপুর ১২টার দিকে।
অভিযোগ সূত্রে জানা যায়, ইসলামপুর উপজেলার ১০ নং গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা গ্রামের মৃত মোঃ দানেছ মন্ডলের ছেলে মোঃ রুপন মন্ডল, তার ভাইয়ের ছেলে মোঃ রুমান, মোঃ রিফাত হাসান ও মোঃ রনি মিলে সাংবাদিক মোঃ মাকসুদুর রহমান শাকিলের ওপর হামলা চালান। হামলার এক পর্যায়ে তাকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সাংবাদিক মোঃ মাকসুদুর রহমান শাকিল জানান, তিনি পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদ সংগ্রহ করতে গেলে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হয়ে তিনি বর্তমানে জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। স্থানীয় সাংবাদিক মহলও এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।


