ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে ১৫০ ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বুধবার বিকেলে ৯নং এনায়েতপুর ইউনিয়নের ২নং গুপিনাথপুর ওয়ার্ডে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকটি অনুষ্ঠিত হয় জননেতা জনাব আখতারুল আলম ফারুক সাহেবের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে।
বৈঠকে সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া উপজেলা মহিলা দলের সভানেত্রী ও ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সহ-সভাপতি জনাবা ফাহসিনা হক লীরা।
সভানেত্রী ফাহসিনা হক লীরা বলেন,
দেশ আজ এক দুঃসময় অতিক্রম করছে। গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচার আজ বন্দী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষের বিজয়ই হবে জনগণের মুক্তির বিজয়।
তিনি আরও বলেন,
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরবে। এজন্য প্রতিটি ঘরে ঘরে বিএনপি’র বার্তা পৌঁছে দিতে হবে, নারীদের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈঠকে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন,
“রাষ্ট্র পুনর্গঠনের এই অঙ্গীকার শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি হচ্ছে মানুষের মর্যাদা ও অধিকারের আন্দোলন। ফুলবাড়িয়ার মাটিতে ধানের শীষের জয় অনিবার্য।
বৈঠকে এলাকার শতাধিক নারী-পুরুষ উপস্থিত থেকে দলের প্রার্থীর পক্ষে একযোগে কাজ করার শপথ নেন। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



