আবু রায়হান, নিজেস্ব প্রতিবেদকঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬’-কে কেন্দ্র করে অমর একুশে বইমেলা ২০২৭-এ প্রকাশিত হতে যাচ্ছে জনপ্রিয় কথাসাহিত্যিক ও শিশুসাহিত্যিক শাম্মী তুলতুলের নতুন প্রবন্ধের বই ‘ছোটদের নজরুল’। ইতোমধ্যে বইটির আনুষ্ঠানিক প্রচ্ছদ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করবে শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা ‘বইপত্র প্রকাশন’।
শাম্মী তুলতুল বড়দের সাহিত্যের পাশাপাশি শিশুসাহিত্যেও নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। দেশের প্রথম সারির বিভিন্ন পত্রিকায় লেখালেখির মাধ্যমে তিনি পরিচিতি অর্জন করেছেন। পাশাপাশি ভারতেও তাঁর লেখালেখি পাঠকমহলে জনপ্রিয়তা পেয়েছে।
চট্টগ্রাম শহরে জন্ম নেওয়া এই লেখকের বাংলাদেশ ও ভারত মিলিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি। সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার।
নতুন বই ‘ছোটদের নজরুল’ প্রসঙ্গে শাম্মী তুলতুল বলেন, “তথ্যভিত্তিক বই লেখা বেশ পরিশ্রমের কাজ। আর শিশুদের জন্য বই লেখার ক্ষেত্রে আরও বেশি সতর্কতা ও বিশেষ মনোযোগ দিতে হয়। নজরুলকে নিয়ে এটি আমার দ্বিতীয় বই। সবকিছু অনুকূলে থাকলে আগামী বইমেলা ২০২৭-এ বইটি প্রকাশিত হবে।”
নতুন প্রকাশনা সংস্থা ‘বইপত্র প্রকাশন’-এর কর্ণধার মাহবুবুর রহমান বাবুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাঁকে বিশেষ সুযোগ দেওয়ায় তিনি প্রকাশকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
কাজী নজরুল ইসলামের সাহিত্য, জীবন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে ‘ছোটদের নজরুল’ বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শিশু-কিশোরদের কাছে বিদ্রোহী কবির জীবন ও সাহিত্যকে সহজভাবে পরিচিত করে তোলার ক্ষেত্রে বইটি নতুন মাত্রা যোগ করতে পারে।



