সিরাজুল ইসলাম :কক্সবাজার,
কক্সবাজারের চকরিয়ায় অপহরণের শিকার এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ অভিযুক্ত এক যুবককে আটক করা হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট পূর্ব রিজার্ভপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় একটি ঘরে অপহৃত নারীকে আটকে রাখা হয়েছিল। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের পর চকরিয়া থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করে এবং অস্ত্রসহ অভিযুক্ত রমজান আলী (৩৫) কে আটক করে। তবে এ সময় তার দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, “অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার অভিযানে অপহৃত নারীকে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক রমজান আলীর বিরুদ্ধে অস্ত্র ও অপহরণ মামলার প্রস্তুতি চলছে। পলাতক দুই সহযোগীকে ধরতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


