রতন রায়, কুড়িগ্রাম প্রতিনিধি।
কুড়িগ্রামের সদর উপজেলার নদীভাঙন কবলিত চরাঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের জোরালো দাবিতে মঙ্গলবার (২৬ আগস্ট) মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
“চরাঞ্চলে শিক্ষার সুযোগ সৃষ্টি করি, মেয়ে শিশুর ভবিষ্যৎ গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর নৌকা ঘাটে স্থানীয় যাত্রাপুর যুব সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। ‘চাইল্ড, নট ব্রাইড (সিএনবি)’ প্রকল্পের অধীনে আরডিআরএস বাংলাদেশ এতে সহযোগিতা প্রদান করে।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও প্রকল্পের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের সমর্থন জানান।
মানববন্ধনে বক্তারা চরাঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানের অভাবকে বাল্যবিয়ের একটি প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন। তারা উল্লেখ করেন যে, যাত্রাপুর ইউনিয়ন নদীবেষ্টিত এবং নদীভাঙনের কারণে এর বিশাল অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। অবশিষ্ট চরাঞ্চলে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় শিশুদের, বিশেষত মেয়েশিশুদের শিক্ষা থেকে বঞ্চিত হওয়া এবং অল্প বয়সে বিয়ের শিকার হওয়ার ঝুঁকি বাড়ছে। এই সংকট নিরসনে তারা সরকারের কাছে জরুরিভিত্তিতে চর এলাকায় বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর** তার বক্তব্যে বলেন, “শিশু সুরক্ষা ও বাল্য বিয়ে প্রতিরোধের জন্য চরাঞ্চলে বিদ্যালয় খুব প্রয়োজন। কারণ শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে শিশুরা বাল্য বিয়ের শিকার হচ্ছে। তাই সরকারের কাছে দাবি দ্রুত সময়ের মধ্যে যাত্রাপুর ইউনিয়নের চরে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। আর এমন আয়োজন করার জন্য আরডিআরএস বাংলাদেশকে ধন্যবাদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় ফেডারেশনের সভাপতি আব্দুল জব্বার, আরডিআরএস বাংলাদেশের সিএনবি প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলিটেটর মো: শফিয়ার রহমান, যুব সংগঠনের সদস্যবৃন্দ এবং চরাঞ্চলের গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকগণ।


