এস.এম.রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র এন এস রোড
চারপাশে দোকানপাট আর মানুষের ভিড়। এর মাঝেই পরিচিত খাবারের দোকান মুঘল কুইজিন রেস্টুরেন্টে হঠাৎ হাজির হয় ভ্রাম্যমাণ আদালত।
অস্বাস্থ্যকর পরিবেশে রান্না আর মেয়াদোত্তীর্ণ কাঁচামাল মজুত রাখার অভিযোগেই এই অভিযান।
অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫১ ধারার সুস্পষ্ট লঙ্ঘন করেছে কর্তৃপক্ষ। এজন্য সতর্কতামূলকভাবে পাঁচ হাজার টাকা জরিমানা গুনতে হয় রেস্টুরেন্টকে।
রান্নাঘরে ঢুকতেই ভেসে আসে দুর্গন্ধ। কোণে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ দুধ ও আইসক্রিম, পচা ডাল-সবজি, নোংরা কড়াই-চামচ। ব্যবহারের অযোগ্য এইসব উপকরণ দিয়েই প্রতিদিন গ্রাহকের খাবার প্রস্তুত হচ্ছিল-এমন চিত্র ধরা পড়ে অভিযানে ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন সাফ জানিয়ে দেন, খাবারের মান ও স্বাস্থ্যসুরক্ষার সঙ্গে আপস করা যাবে না। সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
অভিযান শেষে তিনি আরও বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন আর আইন মেনে রেস্টুরেন্ট চালান। নইলে শাস্তি অনিবার্য। আর নিয়ম মেনে চললে আমরা নিজেরাই একদিন আপনার কাস্টমার হয়ে আসবো।
স্থানীয় ভোক্তারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাঁদের দাবি, শহরের অন্যান্য হোটেল-রেস্টুরেন্টেও যেন এমন অভিযান হয়। বাহ্যিক চাকচিক্যের আড়ালে নিম্নমানের খাবার পরিবেশন বন্ধ না হলে প্রতিদিনই প্রতারিত হবেন সাধারণ মানুষ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তার অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে। কুষ্টিয়ার সকল রেস্টুরেন্ট ও হোটেলকে সতর্ক করে দেওয়া হয়েছে-মানহীন খাবার বা অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা করলে এবার ছাড় নেই।


