বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি মোঃ রুবেল হোসেন
পটুয়াখালীর বাউফলে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে উপজেলার প্রায় ছয় হাজার কৃষক বিভিন্ন ধরনের বীজ, সার ও চারা পেয়ে উপকৃত হবেন।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে কৃষির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, উন্নত বীজ, সার ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত হলে উৎপাদন বাড়বে, কৃষকের ব্যয় কমবে এবং খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন জানান, কর্মসূচির আওতায় ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে। এছাড়া ১ হাজার ৫০৫ জন কৃষকের মধ্যে লেবুসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে ৩৫০ জন কৃষককে হাইব্রিড মরিচের বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়া হবে।
তিনি আরও জানান, কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে উপজেলার মোট ৫ হাজার ৮৫৫ জন কৃষক সরাসরি সুবিধা পাবেন। কৃষি উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা রেদোয়ান তালুকদার, কৃষি কর্মকর্তা মো. ফোরকান, উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।


