ফাহিমুল ইসলামঃ মহেশখালী প্রতিনিধি।
কক্সবাজারের মহেশখালীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ইয়ুথ ফোরাম (SDYF) ও ইয়ুথ অ্যাকশন ফর জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (জাইদা) এর যৌথ উদ্যোগে গোরকঘাটা বাজারে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে এক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২২ আগস্ট ২০২৫ তারিখে, মহেশখালী উপজেলা অডিটোরিয়ামে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) জনাব আবু জাফর মজুমদার। অনুষ্ঠানের শুরুতে নব যোগদানকৃত এসিল্যান্ডকে ফুল দিয়ে বরণ করে নেন আয়োজক সংগঠনের সদস্যরা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাইদার উপদেষ্টা হামেদ হাসান, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, কক্সবাজার পৌরসভার বাজার পরিদর্শক আবু তাহের, এসডিওয়াইএফ-এর উপদেষ্টা সাইফুল্লাহ রুমেল এবং আর্মি কোর হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট এএসএম সাগর।
সভাপতিত্ব করেন এসডিওয়াইএফ-এর উপদেষ্টা ও মহেশখালী কলেজের সহকারী অধ্যাপক ওয়াকার উদ্দিন।
সংক্ষিপ্ত উদ্বোধনী বক্তব্যে এসডিওয়াইএফ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাদেক হোসেন তৈয়ব বলেন:
গোরকঘাটা বাজার মহেশখালীর প্রধান অর্থনৈতিক কেন্দ্র। বর্জ্য ব্যবস্থাপনা উন্নত হলে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে। আমরা সবার সহযোগিতায় এই লক্ষ্য অর্জন করতে চাই।”
তিনি উপস্থিত সকল অতিথি, গণমাধ্যম এবং আগত যুব ও সামাজিক সংগঠনগুলোকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) জনাব আবু জাফর মজুমদার বলেন:
মানুষের স্বাস্থ্য, পরিবেশের নিরাপত্তা এবং বাজারের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের পক্ষ থেকে বাজারের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে এবং নির্দিষ্ট বর্জ্য সংগ্রহ বিন স্থাপনে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এছাড়া বাজার কমিটি ও স্থানীয় ব্যবসায়ীদের সমন্বয়ে একটি টিম গঠন করে নিয়মিত পর্যবেক্ষণ চালানো হবে।”
জাইদার উপদেষ্টা হামেদ হাসান বলেন:
যুব সমাজকে পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করার বিকল্প নেই। আমরা জাইদার পক্ষ থেকে নিয়মিত সচেতনতা কার্যক্রম, প্রশিক্ষণ ও মাঠপর্যায়ে স্বেচ্ছাসেবী সহায়তা প্রদান করব।”
মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বলেন:
এ সমস্যাটি তুলে ধরতে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেসক্লাবের পক্ষ থেকে বাজারে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে জনসচেতনতামূলক সংবাদ, প্রতিবেদন ও প্রচারণায় সর্বাত্মক সহযোগিতা করা হবে।”
কক্সবাজার পৌরসভার বাজার পরিদর্শক আবু তাহের বলেন:
বাজার কমিটির সাথে সমন্বয় করে প্রতিদিন বাজারের বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে আমরা নিয়মিত কার্যক্রম পরিচালনা করব। পাশাপাশি নতুন ডাস্টবিন স্থাপন ও আবর্জনা অপসারণের জন্য পৌরসভার পক্ষ থেকে সহায়তা অব্যাহত থাকবে।”
এসডিওয়াইএফ-এর উপদেষ্টা সাইফুল্লাহ রুমেল বলেন:
তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা সম্ভব নয়। আমরা এসডিওয়াইএফ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা সেমিনার ও ক্যাম্পেইন আয়োজন করব।”
আর্মি কোর হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট এএসএম সাগর বলেন:
অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার ফলে বাজার এলাকায় রোগবালাই দ্রুত ছড়িয়ে পড়ছে। আমরা চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কার্যক্রমে এসডিওয়াইএফকে সহায়তা করব।”
সভাপতির বক্তব্যে ওয়াকার উদ্দিন বলেন:
পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ আমাদের সবার মৌলিক অধিকার। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যসম্মত মহেশখালী গড়ে তুলতে হলে এখনই সচেতন হতে হবে। শিক্ষার্থীদের, তরুণ প্রজন্মের, ব্যবসায়ী সমাজ ও স্থানীয় প্রশাসনের সমন্বিত প্রচেষ্টাতেই আমরা এ সমস্যার কার্যকর সমাধান করতে পারব।”
এ সময় মহেশখালীর ছোট মহেশখালী ব্লাড ফাউন্ডেশন, ব্লাড বক্স অব বাংলাদেশ, মানব কল্যাণ পরিষদ, সবুজ বাংলা ব্লাড ডোনার সোসাইটি (SBBDS), স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, ব্লাড কমিউনিটি ফাউন্ডেশন, ইমাম হাসান হোসাইন স্মৃতি সংসদ এবং বাংলাদেশ ব্লাড অর্গানাইজেশন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং বাজারের পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমে নিয়মিত সহযোগিতার আশ্বাস প্রদান করে।


