ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় সুনিল মার্ডী (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৮টার দিকে উপজেলার রাণীগঞ্জ নওরীন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সুনিল মার্ডী উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের নন্দনপুর (ওসমানপুর) এলাকার মৃত ময়েন মার্ডীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুনিল মার্ডী সন্ধ্যার দিকে নওরীন ফিলিং স্টেশন সংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় চাল বোঝাই অবস্থায় থাকা একটি ট্রাক (নম্বর: পিরোজপুর-ট ১১-০৩৪৪) তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার ফলে তার শরীরের বাম হাত ছিঁড়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ট্রাকটি আটক করে রাখেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। জড়িত ট্রাকটি আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।”


