মোঃ মামুন আলী ঝিনাইদহ :
ঝিনাইদহ জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব শাহনেওয়াজ সুমনের বাড়ির গেটের সামনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে ঝিনাইদহের হলিধানী বাজারে সোমবার বিকেল পাঁচটার সময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ মিছিলে অংশ গ্রহণকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
বিক্ষোভ মিছিলটি হলিধানী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
একসময় উপস্থিত ছিলেন ইউনিয়ান বিএনপির সভাপতি জনাব আলফাজ উদ্দিন বিশ্বাস সাধারণ সম্পাদক ওয়াইজ সাদিক বকুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ হান্নান, মৎস্যজীবী দলের সদস্য সচিব শাহানেওয়াজ সুমন ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত করার মতো ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।



