মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ
নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাছুম মোস্তফার উদ্যোগে পূর্বধলার জারিয়া ও বৈরাটী ইউনিয়নের গুরুত্বপূর্ণ দুটি রাস্তা সংস্কার করা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে দুর্ভোগে থাকা হাজারো মানুষ স্বস্তি ফিরে পেয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে জারিয়া ইউনিয়নের জারিয়া থেকে জারিয়া পূর্বপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করেন অধ্যাপক মাছুম মোস্তফা। এ সময় ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
একই দিন বৈরাটী ইউনিয়নে আবদুস ছমেদ সাহেবের বাড়ি থেকে জিগাতলা পশ্চিমপাড়া পর্যন্ত কাঁচা রাস্তার সংস্কার কাজ সম্পন্ন হয়। দীর্ঘদিন রাস্তা কর্দমাক্ত অবস্থায় থাকায় স্থানীয় জনসাধারণকে চরম ভোগান্তি পোহাতে হতো। বর্ষা মৌসুমে বিশেষ করে কৃষক, শিক্ষার্থী ও রোগী পরিবহনে সমস্যার কারণে এলাকাবাসীর দুঃখ-দুর্দশা চরমে পৌঁছেছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক মাছুম মোস্তফা বলেন, “এই অঞ্চলের সাধারণ মানুষ অনেকদিন ধরে রাস্তার কারণে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বাজারমুখী কৃষক ও রোগী বহনে পরিবারগুলোকে ভীষণভাবে কষ্ট করতে হয়েছে। জনগণের এই দুর্দশার কথা ভেবেই আজ আমরা রাস্তাগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছি।”
তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন ও জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই। আমি বিশ্বাস করি, জনগণের সমর্থন থাকলে প্রতিটি রাস্তা, ব্রিজ-কালভার্ট এবং জনসেবামূলক উন্নয়ন কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা সম্ভব হবে।”
এ সময় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ অধ্যাপক মাছুম মোস্তফার এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে তাঁর হাত ধরে এলাকার আরও উন্নয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এলাকাবাসীরাও জানান, এতদিন ধরে রাস্তার কারণে সীমাহীন কষ্ট ভোগ করতে হলেও আজকের এই উদ্যোগ তাদের জীবনে স্বস্তি এনে দিয়েছে।


