মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।।
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।
সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে সাতক্ষীরার সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, সুধীজন, গুণীজন এবং দীর্ঘদিনের সহকর্মীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় তাঁরা বলেন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান তাঁর পেশাগত দায়িত্ব পালনের মধ্য দিয়ে সহকর্মীদের কাছে একজন পরিচিত ও প্রিয় মানুষ হিসেবে স্থান করে নিয়েছিলেন। তাঁর মৃত্যুতে সাতক্ষীরার সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো।
তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।



