নিজস্ব প্রতিবেদক
গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়ারবর গ্রামে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রাম্য মেলা। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে মধুমতি নদীপাড় ঘেঁষে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকাজুড়ে তৈরি হয় উৎসব মুখর পরিবেশে।
নৌকা বাইচ প্রতিযোগিতায় লোহাগড়াসহ আশেপাশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে আগত নৌকা অংশ নেয়।
ঢাক-ঢোল আর দর্শনার্থীদের উল্লাসে পুরো নদীপাড় মুখরিত হয়ে ওঠে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
উক্ত নৌকা বাইচের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, লোহাগড়া উপজেলা বিএনপি’র সভাপতি আহাদুজ্জামান বাঁটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেলার নানা আয়োজনের মধ্যে ছিল স্থানীয় পণ্যের স্টল, হস্তশিল্প, মাটির খেলনা, পিঠাপুলি ও লোকজ সংগীতের পরিবেশনা। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে মেলা রূপ নেয় এক মিলনমেলায়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, আমাদের গ্রামীণ ঐতিহ্য যাতে হারিয়ে না যায়, সে উদ্দেশ্যেই প্রতিবছরের মতো এবারও নৌকা বাইচ ও মেলার আয়োজন করা হয়েছে, এটি শুধু বিনোদনের জন্য নয়, বরং নতুন প্রজন্মকে নিজেদের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার একটি উদ্যোগ।
স্থানীয়দের মতে, এই আয়োজন গ্রামীণ সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি মানুষের মুখে হাসি ফুটিয়েছে।



