মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ৩ বারের সংসদ সদস্য বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, “নেত্রকোনার আকাশে আজ জাতীয়তাবাদের নতুন সূর্যোদয়।”
নেত্রকোণা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে ডা. মো. আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক পদে ড. রফিকুল ইসলাম হিলালী নির্বাচিত হওয়ার পর রবিবার (৩১ আগস্ট) বিকেলে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।
বাবর বলেন, দীর্ঘ ১১ বছর পর আয়োজিত এ সম্মেলন ছিল জাঁকজমকপূর্ণ, কর্মী-সমর্থকদের অকৃত্রিম ভালোবাসা ও জনগণের উচ্ছ্বাসে পরিপূর্ণ। প্রতিদ্বন্দ্বিতাকারী প্রত্যেক প্রার্থীই আওয়ামী ফ্যাসিবাদের চরম নিপীড়নের শিকার এবং যোগ্য নেতা ছিলেন উল্লেখ করে তিনি বিজয়ীদের আন্তরিক শুভেচ্ছা জানান।
একইসাথে তিনি যারা অক্লান্ত পরিশ্রমের পরও বিজিত হয়েছেন তাদের প্রতিও জাতীয়তাবাদী শুভেচ্ছা জানান এবং আগত রাজনৈতিক ময়দানের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
সম্মেলনে জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও পারস্পরিক সৌহার্দ্য তাকে মুগ্ধ করেছে বলে উল্লেখ করেন বাবর। তার মতে, সম্মেলনে যে সম্প্রীতি ও ঐক্যের প্রকাশ ঘটেছে, তা জেলা বিএনপিকে একটি শক্তিশালী জাতীয়তাবাদী ঘাঁটিতে রূপান্তরের অনুপ্রেরণা জোগাবে।
বাবর আরও বলেন, “ভেদাভেদ ভুলে নেত্রকোনা জেলা বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি জেলার প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দিতে হবে।”
তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করে বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে নেত্রকোনায় জাতীয়তাবাদী শক্তির উন্মেষ ঘটবে, তারুণ্যের অহংকার তারেক রহমানের হাত আরও শক্তিশালী হবে, এবং আগামীর মুক্তির সংগ্রামে নেত্রকোনা হবে অগ্রণী ভূমিকা পালনকারী।


