মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ
নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের ঝামাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে শনিবার রাতে পাল্টাপাল্টি সংঘর্ষে সাবেক ইউপি সদস্য ও স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা দুজাহান মিয়াসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন- ঝামাটি গ্রামের মইজ উদ্দিনের ছেলে সাবেক ইউপি মেম্বার দুজাহান মিয়া (৪৮) ও একই গ্রামের আবদুল কাদেরের ছেলে নূর মোহাম্মদ (৩০)। আহত আশরাফ মিয়াকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই বছর আগে জমি বিক্রির কথা বলে একই গ্রামের আমজাদের কাছ থেকে দুজাহান মিয়া ৫ লাখ টাকা নেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে দুজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার রাতে জেলা বিএনপির সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা দুজাহান মিয়ার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাত ১০টার দিকে দুই পক্ষের মধ্যে আবারো সংঘর্ষ বাধে। এক পর্যায়ে আমজাদের পক্ষের নূর মোহাম্মদ টেটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ্ নেওয়াজ বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের দুইজন নিহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি।”


