আনিসুর রহমান মানিক,
জেলা পঞ্চগড় প্রতিনিধি।
আগামী ২৮ জুন অনুষ্ঠিত্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে পঞ্চগড়ে ১ লাখ ৭১ হাজার ৭৯৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১৯ হাজার ৭৯৩ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫১ হাজার ৬১৭ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বুধবার (২৪ জুন) বিকেলে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত সাংবাদিক অবহিতকরণ সভা ও সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।
তিনি জানান, জেলার ১ হাজার ৭৭টি কেন্দ্রে একযোগে ক্যাম্পেইন পরিচালিত হবে। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি দুজন করে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। এ হিসেবে মোট ২ হাজার ১৫৪ জন স্বেচ্ছাসেবক মাঠে কাজ করবেন।
সিভিল সার্জন আরও বলেন, অসুস্থ কোনো শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে না। এছাড়া কান্নারত শিশুদের জোরপূর্বক ক্যাপসুল খাওয়ানো থেকেও বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ডা. জান্নাতুন ফেরদৌস নিতু।
সাংবাদিক অবহিতকরণ সভা ও সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


